গত ২৪ ঘণ্টায় দেশে যে ২৪৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন মারা গেছে। এছাড়া, খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ১৮ জন ও সিলেট বিভাগে ১৪ জন মারা গেছে। ইত্তেফাকের প্রতিনিধিরা স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম বিভাগে সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছে ৮৪৮ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৫৮০ জন এবং উপজেলার ২৬৮ জন।
খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৬ জনের। গতকাল দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে । এছাড়া খুলনায় ১১ জন, যশোরে ১১ জন, বাগেরহাট ও মেহেরপুরে তিন জন করে, নড়াইল ও মাগুরায় দুই জন করে এবং ঝিনাইদহে এক জন মারা গেছে।
বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪৫ ঘণ্টার ব্যবধানে ২ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৮৪১ জন আক্রান্ত হয়েছে। বিভাগের মোট আক্রান্ত ২৯ হাজার ৭৫২ জন।
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০৮ জন। বিভাগে ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার এবং শনাক্তের সংখ্যা কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে। সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে রাজশাহীতে ২৬৭ জনের। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে সাত, নওগাঁয় ২১, নাটোরে ১৪১, জয়পুরহাটে ১২, বগুড়ায় ১৭০, সিরাজগঞ্জে ৮৮ ও পাবনায় ২০২ জনের নতুন করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীতে সাত, চাঁপাইনবাবগঞ্জে তিন, নওগাঁয় এক, নাটোরে তিন, বগুড়ায় এক ও সিরাজগঞ্জে দুই জন। বিভাগের আট জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ৫২৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ২৩০ জনের।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৭৮ জনের। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের আট জন, দিনাজপুরের তিন জন, ঠাকুরগাঁওয়ের তিন জন এবং পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের এক জন করে রয়েছে। এ সময়ে বিভাগে ২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৯৫ জন, দিনাজপুরে ১০৩ জন, পঞ্চগড়ে ৯৪ জন, ঠাকুরগাঁওয়ের ৮৫ জন, কুড়িগ্রামের ৭৭ জন, নীলফামারীর ৭৫ জন, গাইবান্ধার ৬৯ জন ও লালমনিরহাটের ২০ জন রয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গ নিয়ে ১৪ জন। সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১ হাজার ২৬৩টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭০ জন করোনা শনাক্ত হন। এটিই জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত।
সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর মধ্যে ১০ জন সিলেটের, সুনামগঞ্জের তিন জন ও এক জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে। একই সময়ে শনাক্ত করা হয় আরো ৫৬৪ জনের শরীরে।
