৫ আগস্ট পর্যন্ত সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:৫২

স্থগিত হলো সিলেট-৩ আসনের উপনির্বাচন। ফলে বুধবার ঐ আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট পর্যন্ত এই উপনির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।  আদালত বলেছে, ৫ আগস্ট পর্যন্ত সরকারঘোষিত লকডাউন রয়েছে। ফলে এই সময়ের মধ্যে ভোটগ্রহণ স্থগিত করা হলো। যেহেতু ৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন করার সময়সীমা রয়েছে সেহেতু আদালত খোলার পর নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের        একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

করোনা মহামারির বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিতের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশ দিয়েছিল আইনজীবী মো. শিশির মনির। কিন্তু নোটিশের জবাব না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের ছয় জন আইনজীবী ও ঐ এলাকার সাত জন ভোটারের পক্ষে।

রিটের শুনানিতে শিশির মনির বলেন, সিলেট-৩ আসন শূন্য ঘোষণার পর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা ছিল। কিন্তু করোনার কারণে ইসি এই সময়ের মধ্যে নির্বাচন করতে পারেনি। ফলে দৈবদুর্বিপাকের কারণে আরো ৯০ দিন সময় পাবে কমিশন। এই সময় পাওয়ার পর তারা ২৮ জুলাই ভোটের দিন ধার্য করেছে। কিন্তু সিলেট বিভাগে করোনায় আক্রান্ত মৃত্যুর হার অনেক বেশি। রিটার্নিং কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই অবস্থায় সেখানে ভোট হলে করোনা সংক্রমণ পরিস্থিতি আরো খারাপ হবে। আমরা নির্বাচনের বিরুদ্ধে নই। নির্বাচনের তারিখ পরিবর্তন চাইছি।