খুলনায় গণধর্ষণের শিকার নববধূ গ্রেফতার ৩

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:৫৩

খুলনায় কোরবানির ঈদে বাবার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ (১৯)। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার একটি গ্রামে। মেয়েটির মা ডুমুরিয়া থানায় মামলা করার পর পুলিশ ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠিয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঈদে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন ঐ নববধূ। শনিবার সন্ধ্যার দিকে বাড়ির সামনের রাস্তায় গেলে কামরুল ইসলামের ছেলে আল মামুন ওরফে রুবেল (২৮), আমজাদ হোসেন সরদারের ছেলে মাহফুজ হাসান (২০) ও আজিজুর রহমান মোল্লার ছেলে সাকিব মোল্লা (১৭) তাকে একা পেয়ে পাশের একটি ঝুপড়ি ঘরের সামনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের দৃশ্য ভিডিও করে। এ ঘটনায় রবিবার মেয়েটির মা ঐ তিন জনের নামে স্থানীয় থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার ওসি ওবায়দুর রহমান বলেন, তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।