টানা ১৭ মাস পর পুনরায় বাংলাদেশিরা পবিত্র ওমরাহ হজ পালনের সুযোগ পেতে যাচ্ছেন। আগামী ১ মহরম থেকে (১০ আগস্ট) থেকে করোনা টিকা নেওয়া বিদেশিরা সৌদি গিয়ে ওমরাহ পালন করতে পারবেন। গতকাল সোমবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় কয়েকটি শর্তপূরণ সাপেক্ষ বাংলাদেশি ওমরাহ প্রত্যাশীদের প্রেরণের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) চিঠি পাঠিয়েছে। হাব সভাপতি আলহাজ এম শাহাদাত হোসাইন তসলিম ইত্তেফাককে জানান, সৌদি আরবে হজ ও ওমরা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর তারা ওমরাহ যাত্রীদের প্রেরণের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। চিঠিতে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে: সৌদি সরকারের অনুমোদিত প্রতিটি ওমরাহ এজেন্সিকে ২ লাখ সৌদি রিয়ালের ( ৪৫ লাখ ২৪ হাজার টাকা) ব্যাংক গ্যারান্টি দিতে হবে। হজযাত্রীদের প্রত্যেককে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করতে হবে। ১৮ বছর বা তার বেশি বয়সিরাই ওমরাহ পালনের জন্য সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন। যারা টিকা নেননি বা উল্লেখিত চারটি টিকার বাইরে অন্য কোনো টিকা নিয়েছেন তাদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ও সৌদি আরব পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া ভিসার জন্য মক্কা-মদিনায় হোটেলের অগ্রিম রুম ভাড়া পরিশোধের রশিদ জমা দিতে হবে।
আলহাজ এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, আমরা হাব সদস্যদের নিয়ে বৈঠক করছি। সৌদি দূতাবাস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। প্রক্রিয়াগুলো শেষ হবার পর হজ এজেন্টরা ওমরাহ যাত্রী পাঠানো শুরু করবে।
প্রসঙ্গত যে, করোনা মহামারির কারণে দুই বছর যাবত্ বিদেশিদের সৌদি আরব গিয়ে হজ পালন বন্ধ রয়েছে। এমনকি ওমরাহ পালনও অধিকাংশ সময় বেশির ভাগ দেশের জন্য বন্ধ ছিল। করোনা সংক্রমণ রোধে বর্তমানে বিশ্বের ৯টি দেশের যাতায়াত বন্ধ রেখেছে সৌদি। আরব নিউজ ও খালিজ টাইমসের খবরে বলা হয়, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন-এই ৯টি দেশ ছাড়া অন্য যেকোনো দেশ থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরব যাওয়া যাবে। ঐ ৯ দেশ থেকে যাত্রীদের তৃতীয় কোনো দেশে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন শেষে সৌদিতে ঢুকতে হবে ওমরাহ পালনের জন্য।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির মুখপাত্র হানি আল-ওমাইরি আল আরাবিয়াকে বিশেষ সাক্ষাত্কারে বলেন, ওমরাহ পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। ইতিমধ্যে হজ শেষে সৌদি আরবের নাগরিক ও সৌদি আরবে বসবাস করে এমন বিদেশিদের জন্য গত ২৫ জুলাই ওমরাহ হজ শুরু হয়েছে।
সৌদি আরবের অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসজিদের উপপ্রধান সাদ বিন মোহাম্মদ আল-মুহাইমিদ বলেছেন, ‘ওমরাহ পালনের জন্য গ্র্যান্ড মসজিদগুলো প্রস্তুত। করোনা ভাইরাসের কারণে নামাজের জন্য বিশেষ জায়গা তৈরি করা হয়েছে। তাওয়াফ করার সময়ও সকলকে করোনার নিয়মাবলী মেনে চলতে হবে। ওমরাহ করতে যেতে চাইলে সকলের জন্যই দুই ডোজের করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক। আর যাদের বয়স ১৮ বা তার উপরে শুধু তারাই ওমরাহ করতে পারবেন। সকলকে সৌদি সরকারের অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমেই যেতে হবে।
হাজিদের কেউ করোনায় আক্রান্ত হননি
গত ১৯ জুলাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৬০ হাজার মুসলিমের হজ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় হাজিদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। আরব নিউজের খবরে বলা হয়, ২০ জুলাই অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সৌদির হজ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। হজের কার্যাবলি পালনে হাজিরা স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক সব পদক্ষেপ অনুসরণ করেন। হাজিদের কারো করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি।
