রাজনীতিতে নেই রাজনীতিবিদরা --------মির্জা ফখরুল

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:৫৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদেরা রাজনীতি করছেন না, তারা  রাজনীতিতে নেই। শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই একটা নষ্ট সময় চলছে। যে নষ্ট সময়টাতে রাজনীতিবিদদের ভালো থাকা, রাজনীতিবিদদের সঠিক রাস্তায় যাওয়া, রাজনীতিবিদদের সঠিকভাবে রাজনীতিকে নির্মাণ করা অত্যন্ত কঠিন কাজ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে, এখন রাজনীতিবিদেরা রাজনীতি করছেন না, রাজনীতিবিদেরা রাজনীতিতে নেই।

গতকাল সোমবার দলের সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। গত বছরের ২০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান আবদুল আউয়াল খান। আবদুল আউয়াল খান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সঞ্চালনায় এই ভার্চুয়াল আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও মরহুম আবদুল আউয়াল খানের ছেলে আসাদুজ্জামান খান বক্তব্য রাখেন।