মহামারির দেড় বছরের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর অবস্থা এখন চলছে দেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন দিয়ে রাখলেও সংক্রমণ-মৃত্যু কোনোটিই কমছে না। কোথাও কোথাও পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এ পরিস্থিতিতে করণীয় কী, তা ঠিক করতে গুরুত্বপূর্ণ এক সভার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক হবে।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার আমরা মিটিং করব। দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বড় মিটিং অনুষ্ঠিত হবে।
চলমান ‘কঠোর লকডাউন’ ৫ আগস্ট পর্যন্ত চালানোর ঘোষণা রয়েছে। সংক্রমণ কমাতে বিশেষজ্ঞরা লকডাউনের পক্ষে বললেও তা আবার মানুষকে জীবিকার সংকটে ফেলছে, সেটাও সরকারকে ভাবতে হচ্ছে।
