করোনা ভাইরাস মহামারির কারণে এবার এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে।
গতকাল সোমবার শিক্ষা বোর্ডগুলো পৃথক পৃথক এ সংক্রান্ত সার্কুলার জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ জনিত অতিমারির কারণে এ বছর ২০২১ সালের এ পরীক্ষায় তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা নেওয়া হবে না। তবে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে জেএসসি/সমমান ও এসএসসি সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে।
শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হবে। ফলে এ মুহূর্তে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই বলে জানানো হয়েছে। এভাবে নম্বর বণ্টনে উচ্চ শিক্ষায় ভর্তিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে নভেম্বরে ও ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। আর কোভিড-১৯ পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও নম্বর দুটিই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে পারব।
করোনা ভাইরাস মহামারির কারণে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত বছর মহামারির আগে এসএসসি পরীক্ষা হয়ে গেলেও এইচএসসি পরীক্ষার আয়োজন করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।
