তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ‘শত বর্ষ শত আশা—রাইজআপ’ শীর্ষক ওয়েবিনার সিরিজের উদ্বোধন করেছেন। গতকাল সোমবার স্টার্টআপ বাংলাদেশ, আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ও স্টার্টআপ ইন্ডিয়ার অংশীদারিত্বে ভারত ও বাংলাদেশের স্টার্টআপ ল্যান্ডস্কেপ বিষয়ে ছয় পর্বের ওয়েবিনার সিরিজটি উদ্বোধন করা হয়। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবীনের পরিচালনায় অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ খাতের সম্প্রসারিত সহযোগিতা পারস্পরিকভাবে উপকারী হবে।
বিক্রম দোরাইস্বামী বলেন, আগামী ছয় মাসের মধ্যে রাইজআপ প্ল্যাটফরমটি ভারত এবং বাংলাদেশ থেকে পরামর্শদাতা, উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের একত্রিত করবে। এই প্ল্যাটফরমটি কার্যকর পারস্পরিক শিক্ষণের সুযোগ সৃষ্টি করবে, যা উভয় দেশের মেধাবী উদ্যোক্তাদের উপকৃত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাইকমিশনার ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ৫০ জন বাংলাদেশি উদ্যোক্তাকে ভারত পরিদর্শন করার জন্য এবং ভারতের স্টার্টআপ ও উদ্ভাবনী বাস্তুতন্ত্রের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর বিষয়টি স্মরণ করিয়ে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ ল্যান্ডস্কেপ—টেক স্টার্টআপস ট্রান্সফর্মিং দ্য ফিউচার’ বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ভারত ও বাংলাদেশের স্টার্টআপ ক্ষেত্রে কর্মরত বিশিষ্ট প্যানেলিস্টরা এই বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। মোহালির ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের (আইএসবি) স্টার্টআপ ইনকিউবেশন অ্যান্ড এক্সিলারেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা যামিনী ভূষণ পাণ্ডে এবং ভারতের আইএসপিআরটি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং জাতীয় স্টার্টআপ উপদেষ্টা কাউন্সিলের সদস্য শরদ শর্মার সঙ্গে যোগ দেন চালডালের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওয়াসিম আলীম এবং অ্যাংকরলেস বাংলাদেশের প্রধান নির্বাহী রাহাত আহমেদ। আলোচনার সঞ্চালনা করেন লাইটক্যাসল পার্টনার্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিজন ইসলাম।
‘শত বর্ষ শত আশা—রাইজআপ’ ওয়েবিনার সিরিজটিতে সহযোগিতা করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্টার্টআপ কনসোর্টিয়াম এবং বিডি এয়ার।
