আজ সাক্ষাত্ হতে পারে মোদি-মমতার

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০০:৩০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ মঙ্গলবার সাক্ষাত্ হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। স্থানীয় সময় বিকাল ৪টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাদের বৈঠক হওয়ার কথা। ঐ বৈঠকে রাজ্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী। গতকাল সোমবার দিল্লি সফরে যান মমতা ব্যানার্জি। বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মমতার।

বিধানসভা ভোটে জয়ের পর গতকাল প্রথমবারের জন্য দিল্লি যান মমতা ব্যানার্জি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে দেখা করতে পারেন তিনি। এছাড়া অরবিন্দ কেজরিওয়ালসহ বাকি বিরোধী নেতাদের সঙ্গেও তিনি দেখা করবেন। পার্লামেন্টেও যেতে পারেন মমতা। সূত্রের খবর, দিল্লি সফরে মোদির সঙ্গে সাক্ষাতের জন্য আগেই প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছিলেন মমতা। সেই মতো মোদি মমতাকে মঙ্গলবার সময় দেন। শেষ মুহূর্তে বিশেষ কোনো পরিবর্তন না হলে আজ মঙ্গলবার বিকালেই সাক্ষাত্ হতে পারে তাদের।

জানা গেছে, বেশ কয়েকটি বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ওপর ঋণের বোঝা হ্রাস, পশ্চিমবঙ্গের প্রাপ্য বরাদ্দ, কৃষি আইন প্রত্যাহার, টিকার জোগান বৃদ্ধি এবং ফোনে আড়ি পাতার মতো বিষয়গুলোও থাকতে পারে। মমতার ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী মোদির জন্য কলকাতা থেকে উপহার নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। অন্যদিকে, গতকাল পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় পাননি মমতা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু-কাশ্মীর সফরে রয়েছেন। ফলে এবার তার সঙ্গে মমতার সাক্ষাত্ হওয়ার সম্ভাবনা খুবই কম। —আনন্দবাজার পত্রিকা ও ডয়চেভেলে