আসাম-মিজোরাম সীমান্তে সংঘর্ষ, ছয় পুলিশ নিহত

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০০:৩৪

আসাম ও মিজোরামের সীমানা বিবাদে প্রাণ গেল আসামের ছয় পুলিশকর্মীর। গতকাল সোমবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আসামের চাচর জেলার ও মিজোরামের কোলাসিব জেলার সীমানায় বিবাদ নিয়ে গতকাল দুপুর থেকেই সরগরম ছিল উত্তর-পূর্বের রাজনীতি। অভিযোগ উঠেছে, সোমবার লায়লাপুর সীমানার কাছে মিজোরামের দিক থেকে সীমানা পেরিয়ে আসামের দিকে আসছিলেন আসামেরই সরকারি কর্মকর্তারা। তাদের দিকে হঠাত্ই ইট, পাথর ছুড়তে শুরু করে স্থানীয় জনতা। সঙ্গে সঙ্গে সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে আসাম সরকার। টুইট করেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও। দু’জনেই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেন। —আনন্দবাজার পত্রিকা