রংপুর বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু 

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৯:০৪

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৭ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৬ দশমিক ৯২ শতাংশ।

এদিকে গত ২৬ দিনে বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪২ জন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের চারজন, ঠাকুরগাঁওয়ের দুইজন, পঞ্চগড়ের দুইজন, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন। এ সময়ে বিভাগে ১ হাজার ৭৭১ জনের নমুনা পরীক্ষা করে ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ২০৯ জন, রংপুরে ১৬১ জন, ঠাকুরগাঁওয়ে ১১৩ জন, কুড়িগ্রামে ১০১ জন, পঞ্চগড়ে ৯০ জন, নীলফামারীতে ৮১ জন, গাইবান্ধায় ৬২ জন ও লালমনিরহাটে ২০ জন রয়েছেন।

 

ইত্তেফাক/ইউবি