ইমন-আইরিনের ‘কাগজ’

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:১৬

 বিনোদন রিপোর্ট

 

নতুন আরো একটি চলচ্চিত্রে নাম লেখালেন চিত্রনায়ক ইমন। ‘কাগজ’ শিরোনামের এই ছবিটিতে তার সঙ্গে জুটি বাঁধছেন চিত্রনায়িকা আইরন সুলতানা। সম্প্রতি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিটির চিত্রনাট্য ও নির্মাণ করছেন জুলফিকার জাহেদী। জানা গেছে, একজন স্বনামধন্য লেখকের ফিলোসফির করুণ মৃত্যুর গল্প ছবিটিতে তুলে ধরা হবে। বিভিন্ন দেশের চলচ্চিত্র উত্সবে অংশ নেওয়ার লক্ষ্যে নির্মিত হবে ছবিটি।

ছবিটিতে নিজের চরিত্র ও গল্প প্রসঙ্গে জানতে চাইলে ইমন বলেন, ‘আমার নতুন এই ছবিটির নাম শুনে অ্যাকশন ঘরানার মতো মনে হলে এটি আসলে সাইকোলজিক্যাল গল্প নির্ভর ছবি। একজন লেখককে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি। সেই লেখকের ভূমিকায় আমাকে দেখবেন দর্শকরা।’ সাম্প্রতিক সময়ে একাধিক গল্প নির্ভর ছবিতে কাজ করছে ইমন। এমন চরিত্রে নিজেকে উপস্থাপন নিয়ে তিনি আরো বলেন, ‘আমি বরাবরই নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চেয়েছি। একই ঘরানা বা চরিত্রে নিজেকে আবদ্ধ করতে চাই না। এই ছবিটিতেও ভিন্ন ইমনের দেখা মিলবে।’

আইরিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্নধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেনি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করার প্রস্তুতি নিচ্ছি। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে।’ ছবিটিতে ইমন-আইরিন ছাড়া আরো অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ইমন।