‘ক্যারিয়ারে নতুন কিছু যুক্ত হচ্ছে’

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:১৭

 বিনোদন ডেস্ক

 

একাধারে তামিল, তেলেগু ও বলিউড সিনেমায় অভিনয় করছেন পূজা হেগডে। এরইমধ্যে নামের সঙ্গে যুক্ত করেছেন বেশকিছু ব্যবসাসফল সিনেমা। সেই ধারাবাহিকতায় বর্তমানে তার হাতে রয়েছে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, ‘সার্কাস’ ও ‘রাধে শ্যাম’সহ বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা। এরমধ্যে কাভি ঈদ কাভি দিওয়ালিতে সালমান খান, সার্কাসে রণবীর সিং ও রাধে শ্যাম সিনেমাতে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এমন শীর্ষ অভিনেতাদের সঙ্গে বড় বাজেটের ছবিতে কাজ মানেই দর্শক প্রত্যাশা থাকে তুঙ্গে। আর এ নিয়ে বরাবরই নার্ভাস থাকে পূজা! সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই জানান এই অভিনেত্রী। পূজা বলেন, ‘ক্যারিয়ারে দীর্ঘদিন পার করলেও নিজের নার্ভাসনেস কাটিয়ে উঠতে পারিনি। বড়মাপের অভিনেতা ও বিগ বাজেটের সিনেমা আমার ভক্তদের প্রত্যাশার চাপ বেশি থাকে। যা আমার কাজে প্রভাব ফেলে। এছাড়া প্রতিটি ইন্ডাস্ট্রিই আলাদা। কাজেও ভিন্নতা থাকে। তবে আমি সবসময়  ভক্তদের কথা মাথায় রেখে নিজেকে তুলে ধরার চেষ্টা করি।’ বলিউড সুপারস্টার সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমকে পূজা বলেন, ‘সালমান খানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে সত্যি আমি উচ্ছ্বসিত। নিজের পছন্দ-অপছন্দের বিষয়ে তিনি খুবই সচেতন। যা আমি পছন্দ করি। কাজের ক্ষেত্রেও তিনি অনেক সহযোগিতা পরায়ণ। ক্যারিয়ারে নতুন কিছু যুক্ত হচ্ছে।’