ঝালকাঠি প্রতিনিধি
নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খানের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলনের চেষ্টায় পৌর কর্মচারী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, পৌরসভার কোষাধ্যক্ষ রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম। সোমবার রাতে নলছিটি পৌরসভায় এ ঘটনা ঘটে। পৌর মেয়র আবদুল ওয়াহেদ খান বাদী হয়ে পৌরসভার পক্ষ থেকে নলছিটি থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মেয়র আবদুল ওয়াহেদ খান বলেন, পৌরসভায় কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। যে-ই অপরাধ-দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক না কেন, তাকেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি হতে হবে।
নলছিটি থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স বলেন, মঙ্গলবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
