তালায় বাজার সড়ক খানাখন্দে বেহাল

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৪৩

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তালা উপশহরের প্রধান সড়ক। সড়কের অধিকাংশ স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়তই যানবাহন চালক, যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরজমিনে জানা যায়, ৬০ কিলোমিটার তালা-কপিলমুনি-পাইকগাছা সড়কের মধ্যে তালা উপজেলার তালা বাজার, গোনালী বাজার, শাহাপুর বাজারের অবস্থা খুবই নাজুক। শতাধিক স্থানে পিচের ঢালাই উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে উপজেলার প্রাণকেন্দ্র তালা বাজারের সড়কটির বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমছে। সড়কের ছোট-বড় গর্তে উলটে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন।

মীর জিল্লুর রহমান, আব্দুর রহমান, খায়রুল ইসলাম, শিমুল শীল, তীর্থ কুমারসহ অনেক পথচারী জানান, সড়কটি দক্ষিণ-পশ্চিমঞ্চালে এলাকার মানুষের চলাচলের একমাত্র পথ হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথ দিয়ে চলাচল করে। শুকনো মৌসুমে কোনো রকম চলাচল করা গেলেও দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে। বর্তমানে সড়কের পিচের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের টানা বর্ষণে এসব গর্তে পানি জমে থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রায়ই গর্তে উলটে পড়ে ব্যাটারিচালিত ভ্যান, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ ছোটখাটো যানবাহন।

তালা বাজার সড়কের বেহাল অবস্থার কথা নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, ‘সড়কটি আমাদের অধীনে নয়। এটি রোডস অ্যান্ড হাইওয়ের অধীনে। তারা সড়কটির সংস্কার করতে পারবেন।’ এ বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে খুলনা জোনের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আসলাম আলী জানান, সড়কের বর্তমান অবস্থা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে।