পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার। এ উপলক্ষ্যে প্রেসক্লাব হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দীন প্রমুখ।
সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ
জামালপুর প্রতিনিধি করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শহরের সকাল বাজার এলাকায় ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারণায় অংশ নেন প্রেসক্লাবের সব সাংবাদিক। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুত্ফর রহমান।
বন্দরে শ্রমিকদের মধ্যে করোনা টিকা দেওয়া শুরু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পরিচালনায় বন্দরে ৫০০ জন শ্রমিকের মধ্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিনা মূল্যে অ্যাম্বুলেন্স-সেবা কার্যক্রম উদ্বোধন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় মঙ্গলবার উত্তরণের সহযোগিতায় করোনা রোগীদের জন্য বিনা মূল্যে অ্যাম্বুলেন্স-সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তালা শিশুতীর্থ স্কুল চত্বরে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পাকুন্দিয়া প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছে। প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। প্রেসক্লাবের আগের কমিটির সভাপতি এম এ রশীদ ভূঁইয়া নবগঠিত কমিটির সভাপতি আছাদুজ্জামান খন্দকার ও সাধারণ সম্পাদক আ ন ম তানভীর হায়দার ভূঁইয়ার হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।
৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন
নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গা উপজেলায় মঙ্গলবার নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন নাটোর-২ (নলডাঙ্গা-নাটোর সদর) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। উদ্বোধনী অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহবুব হোসেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
৩৩৩ শিক্ষার্থী পেল অভিধান
কেশবপুর (যশোর) সংবাদদাতা কেশবপুরের সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩৩ জন শিক্ষার্থীর মধ্যে মঙ্গলবার বিনা মূল্যে অভিধান দেওয়া হয়েছে। এলজিএসপির অর্থায়নে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের মধ্যে এ অভিধান দেওয়া হয়। অভিধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার।
কৃষকদের মধ্যে বিনা মূল্যে আমন বীজ বিতরণ
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় মঙ্গলবার দেলদুয়ারে প্রায় আড়াইশ কৃষকের মধ্যে বিনা মূল্যে রোপা আমন বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু অনলাইনে যুক্ত হয়ে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
০
