কন্যা অলিম্পিক সোনার পদক জয়ী

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৪৬

বাবা তিন চাকার চালক

স্পোর্টস রিপোর্টার

ফিলিপিন ১৯২৪ সালে প্রথম অলিম্পিক গেমসে খেলতে শুরু করে। কিন্তু কোনো বারই তারা সোনার পদক জয় করতে পারেনি। এবার টোকিও অলিম্পিক গেমসে সোনার পদকে নাম লিখিয়েছেন ফিলিপিনের ভারোত্তোলক হিদিলিন দিয়াজ। ৫৫ কেজি ওজন শ্রেণিতে চীনের বিশ্ব রেকর্ডধারী লিয়াও কুইউনকে হারিয়ে সোনার পদক জয় করে পোডিয়ামে কাঁদলেন ৩০ বছর বয়সি এই নারী। এই দিয়াজ রিওতে রুপার পদক জয় করেছিলেন। রুপার পদক আগেও পেয়েছিল ফিলিপিন। ব্রোঞ্জ পদকও ছিল। সব মিলিয়ে ১০টি পদক আগেই ছিল ফিলিপিনের ঘরে। কিন্তু সোনার পদক ছিল না। ৯৭ বছর ধরে অপেক্ষায় ছিল ফিলিপিন। কবে আসবে সোনার পদক। বহু প্রতীক্ষার সোনার পদক অবশেষে এসেছে। এসেছে টোকিও অলিম্পিক গেমস হতে। সব মিলিয়ে ফিলিপিনের ঘরে এখন ১১টি পদক।

জাতীয় সংগীত বেজেছে টোকিওতে। পোডিয়ামে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন ফিলিপিনের কন্যা দিয়াজ। দুই বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। করোনার কারণে সেখানে থাকতে হয়েছিল দিয়াজকে। ফিলিপিনের বিমানবাহিনীতে চাকরি করেন তিনি। এয়ারওমেন সার্জেন্ট পদে। বাবা তিন চাকার চালক। টোকিওতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দিয়াজ বলেছেন, ‘ফিলিপিনের তরুণ প্রজন্মকে আমি একটা কথা বলতে চাই, সোনার পদকের জন্য তুমিও স্বপ্ন দেখ।’