বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের পদমর্যাদা এয়ার মার্শাল হতে এয়ার চিফ মার্শাল পদে উন্নীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম আবু আশরাফ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধান র্যাংক ব্যাজ পরিধান শেষে বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিমান বাহিনী প্রধান বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। গাছের চারা রোপণ শেষে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।
—আইএসপিআর।
