সিংগাইর পুলিশের মানবিক উদ্যোগ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৫৩

 সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সিংগাইর থানা পুলিশ কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্যকারী আটক ২৫ অটোবাইক চালককে মামলা, জরিমানা না করে খাদ্যসহায়তা দিয়ে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার সকালে থানা চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা। চাল, ডাল, আলু ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ওসির কাছ থেকে পেয়ে অটোচালকরা খুশি। চলমান লকডাউন অমান্য করে উপজেলার আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়কে চলাচলকারী এসব অটোবাইক গত সোমবার আটক করা হয়। আটকের পর এগুলো থানায় রাখা হয়। পরে গতকাল মানবিক বিবেচনায় তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সেই সঙ্গে তাদের মধ্যে মাস্ক বিতরণ করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।