উত্তরে ৩ লাখ, দক্ষিণে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৫৪

এডিস মশা নিয়ন্ত্রণে দুই সিটির চিরুনি অভিযান

ইত্তেফাক রিপোর্ট

এডিস মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বোম্বে সুইটসসহ ২৩ প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবনকে ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি মামলায় মোট ৪ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১-এর সিদ্ধেশ্বরীতে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২-এর খিলগাঁওয়ে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩-এর আজিমপুরে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫-এর মানিকনগরে মুহাম্মদ হাসানাত মোর্শেদ ভুঁইয়া, অঞ্চল-৬-এর ইমামবাগ ও জোরভিটায় শাহীন রেজা, অঞ্চল-৮-এর ডগাইর পশ্চিম পাড়ায় কাজী হাফিজুল আমিন, অঞ্চল-৯-এর মাতুয়াইলে বিকাশ বিশ্বাস এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মধ্যে অঞ্চল-১-এর এলিফ্যান্ট রোডে মেরীনা নাজনীন, অঞ্চল-৪-এর ইমামগঞ্জে মো. হায়দার আলী এবং অঞ্চল-১০-এর কদমতলি এলাকায় মো. মামুন মিয়া এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতসমূহ এ সময় ৩৯৪টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি-প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং বোম্বে সুইটসসহ মোট ২৩টি প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২৩টি মামলা করে সর্বমোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে চারটি মামলায় ৬৭ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে চারটি মামলায় ৩ লাখ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি মামলায় ১৪ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় ৫০ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৫টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ৪ লাখ ৪১ হাজার টাকা।