ঢামেক হাসপাতালের করিডোর থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করিডোর থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে মুগদা মানিকনগর এলাকায় একটি বাসা থেকে আফসান অমি (১৭) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে মানিকনগর হাফেজ সাহেবের গলির বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

শাহবাগ থানার এসআই দীপক বালা জানান, গতকাল সকালে ঢামেক হাসপাতাল থেকে খবর দেওয়ার পর হাসপাতালের করিডোর থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ঐ নারী হাসপাতাল চত্বরেই ঘোরাফেরা করতেন। রোগীর স্বজনরা যে খাবার দিত তাই খেতেন। হাসপাতালের নতুন ও পুরাতন ভবনের সংযোগ ফুটওভার ব্রিজের ওপর থাকতেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে মানিকনগরে মৃত আফসান অমির বাবা মো. আবু মিয়া। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলায়। বর্তমানে মানিকনগর হাফেজ সাহেবের গলিতে সে পরিবারের সঙ্গে থাকত। এবং স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। মুগদা থানার এসআই ফেরদৌসী আক্তার জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। অমির মা-বাবা জানতে পেরে ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করে। তবু ছেলেটি মেয়েটিকে ডিস্টার্ব করত দাবি পরিবারের। এসব কারণে অমি দুপুরে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় আফসানের পরিবার আত্মহত্যার প্ররোচনায় মেজবাহ (২৫) নামে এক যুবককে আসামি করে থানায় মামলা করেছে।