স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
মাদক মামলায় গ্রেফতারকৃত স্বামীকে জামিনে মুক্ত করতে কক্সবাজারের টেকনাফ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় এসে ৪০ বছর বয়সি এক নারী দুই দফায় ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া হয়েছে ৫৫ হাজার টাকা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকালে ফতুল্লা মডেল থানায় ঐ নারী ফিরোজ মিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। ফিরোজ মিয়া জামালপুর জেলার ইসলামপুর থানার আমপুর গ্রামের লেবু মিয়ার ছেলে। সে ফতুল্লার ইসদাইর এলাকায় আল আমিনের বাড়ির ৪র্থ তলা ফ্ল্যাটের ভাড়াটিয়া। মামলায় উল্লেখ করা হয়, ফিরোজ মিয়া ঐ নারীকে ১৫ জুলাই টাকা নিয়ে ফতুল্লায় আসতে বলেন এবং এরপর তার স্বামীকে আদালত থেকে জামিনে মুক্ত করে দিবেন বলে জানান।
ফিরোজের কথায় ঐ নারী গত ২০ জুলাই ৫৫ হাজার টাকা নিয়ে টেকনাফ থেকে ফতুল্লায় আসেন। এরপর ফিরোজ তার ফ্ল্যাটে ঐ নারীকে নিয়ে রাখেন এবং ৫৫ হাজার টাকা নিয়ে যান। এদিন রাতে ফিরোজ ঘুমন্ত অবস্থায় ঐ নারীকে প্রথম ধর্ষণ করেন। পরের দিন স্বামীকে জেলে দেখা করানোর কথা বলে আরেকটি বাসায় নিয়ে দ্বিতীয় দফা ধর্ষণ করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে ঐ নারীকে চাষাঢ়া নিয়ে ছেড়ে দেওয়া হয়। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নারীর অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।
