শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় করোনা পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। করোনাকালে তিনি যেভাবে মানুষকে সহায়তা দিচ্ছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। গতকাল মঙ্গলবার সকালে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এদিকে গতকাল দুপুরে শিবচরের নুর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মালটিপারপাস হল রুমে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী ও শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন খান (তোতা), শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ১৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১১৭ জন সাধারণ সদস্য ও ৩৯ জন সংরক্ষিত সদস্য শপথ গ্রহণ করেন।
