বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা
বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে চার ডাকাত আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলেরা। গতকাল মঙ্গলবার দুপুরে হিজলা থানাপুলিশের উপপরিদর্শক আরিফ হোসেন চার ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতার হওয়া চার ডাকাত হচ্ছে—চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ইকবাল হোসেন ও রুবেল হোসেন এবং হিজলা উপজেলার মাটিয়ালা গ্রামের মাসুদ দফাদার ও চরবিশর গ্রামের সুজন মাতুব্বর। এদের মধ্যে সুজন ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে হিজলা থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। উপপরিদর্শক আরিফ হোসেন জেলেদের বক্তব্যের বরাত দিয়ে জানান, সোমবার দিবাগত রাতে একদল ডাকাত হিজলা-গৌরবদী ইউনিয়ন সংলগ্ন মেঘনায় ইউনুস নামে এক জেলের ট্রলারে ডাকাতি করে। এ সময় ইউনুস হিজলার দুই ডাকাতকে চিনতে পারেন। ভোর রাতে অন্যান্য জেলেদের সহায়তায় ডাকাত দলের ট্রলারটি ঘেরাও করে রাখা হয়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ঐ চার ডাকাতকে আটকে রেখে পুলিশে খবর দিলে উপপরিদর্শক আলী হোসেন দুপুর ১টায় সেখানে গিয়ে ট্রলারসহ চার ডাকাতকে থানায় নিয়ে আসেন। হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, জেলে মো. ইউনুস মামলা করেছেন। ডাকাতদের ব্যবহূত ট্রলারটি জব্দ করা হয়েছে।
