অটোয়ায় উদ্ধারকৃত নাজিবের লাশ দেশে পাঠানো হবে :হাইকমিশনার

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:০০

কানাডা প্রতিনিধি

কানাডার অটোয়া নদী থেকে উদ্ধারকৃত বাংলাদেশি ছাত্র নাজিব সাদেক চৌধুরী লাশ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। কানাডাস্থ বাংলাদেশে দূতাবাসের হাইকমিশনার ড. খলিলুর রহমান ইত্তেফাককে জানান, আমাদের কাছে তার ডেথ সার্টিফিকেট এবং পাসপোর্টের অনুলিপি রয়েছে। নাজিবের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করছে। দূতাবাসও দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত।

গত রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কুইবেকের ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে গ্যাতিনিউ নদীতে নাজিব নিখোঁজ হন। প্রথমে পুলিশ পরে কুইবেক ও অন্টারিও পুলিশের বিশেষ ডুবুরি দল তল্লাশি দলে যোগ দেয়। একই সঙ্গে হেলিকপ্টারে করেও নদীর ওপর টহল দেওয়া হয়। ৯ ঘণ্টা অভিযান চালিয়ে অবশেষে স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার সম্ভব হয়। নাজিব অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। তার বাবা কাতারে চাকরি করেন এবং সপরিবারে সেখানে বসবাস করেন।