কুড়িগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০১ চার জনের মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:০০

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার জনের। এর মধ্যে এক জন করোনা উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে কুড়িগ্রাম সদর হাসপাতালে মারা যান। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন জানান, নমুনা নেওয়ার হার বাড়ানোয় করোনা পজিটিভ রোগীর সংখ্যাও আশঙ্কাজনকহারে বেড়েছে। করোনায় মৃত তিন জন হলেন—রাজিবপুর উপজেলার জৈনুদ্দিন (৭০), নুরুল হক (৬০) এবং জেলা শহরের খলিলগঞ্জ বাজার এলাকার আনিছুর রহমান (৬৩)। ফুলবাড়ী উপজেলার এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মারা যান। মঙ্গলবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১০০ করোনা বেডের মধ্যে ভর্তি ছিল ৫৭ জন। যাদের সবাইকে অক্সিজেন দিতে হচ্ছে।