দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগরে ডুবল তেলবাহী বার্জ এমটি সুফলা

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:৫৮

পতেঙ্গা সৈকতের অদূরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে ডুবে গেছে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ নামের একটি বাংকার বার্জ। গতকাল মঙ্গলবার দুপুরে পতেঙ্গা লাইটহাউজ থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বার্জটি ডুবে যায়। তবে ক্রুদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ‘এমটি সুফলা’কে টেনে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিল ‘এমটি মদিনা’ নামে অন্য একটি জাহাজ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, ?এমটি সুফলা নামের একটি বাংকার বার্জ পতেঙ্গা সৈকতের কাছে নিমজ্জিত হয়েছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম বন্দর রেডিও কন্ট্রোল জানায়, উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান  একটি লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে এবং সেই সঙ্গে বয়ে যাচ্ছে অস্থায়ী ঝোড়ো হাওয়া। এই বিরূপ আবহাওয়াতে তেলবাহী জাহাজটি ডুবে যায়। এদিকে আবহাওয়া অফিস থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।