নীলফামারীর সৈয়দপুরে পাওয়ার গ্রিড কোম্পানির একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। গত সোমবার বিকালে ছাদ ঢালাইয়ের সময় এর সাটারিং ভেঙে প্রায় ৪ হাজার বর্গ ফুট ছাদ ধসে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়, সৈয়দপুর বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ক্যাম্পাসে পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) সরঞ্জামাদি রাখার জন্য একটি একতলা ভবনের নির্মাণকাজ চলছিল। ৯৭ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ করছে ঢাকার রায়হান ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের জুনে শুরু হওয়া নির্মাণকাজটি ২০২১ সালের আগস্টে শেষ হওয়ার কথা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির সাটারিংয়ে স্টিল সরঞ্জামাদির পরিবর্তে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতন বাঁশ ব্যবহার করে। এমনকি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয় ঢালাই কাজে। আর এ কারণে সোমবার বিকেলে হঠাত্ই ভেঙে পড়ে ভবনটির ছাদ। এ সময় ভবনের নিচে বা ছাদে কোনো শ্রমিক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার ইমন কায়সার বলেন, সাটারিং ভেঙে ছাদ ধসে পড়েছে। ঢালাই কাজে কোনো অনিয়ম ছিল না। শ্রমিকদের সবাই নিরাপদ আছেন।
ভবন নির্মাণ প্রকল্পে দায়িত্বে থাকা পিজিসিপির উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, ছয়টি ব্লকের মধ্যে পাঁচটির নির্মাণকাজ আগেই শেষ হয়েছে। ঐ দিনে ছয় নম্বর ব্লকের ঢালাই করা হয়। এর মধ্যে হঠাত্ ছাদের একটি অংশ ধসে পড়ে। তিনি বলেন, ভবনটি কেন ধসে পড়ল তা খতিয়ে দেখা হবে।
