৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গ্রামীণফোনকে নোটিশ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২৩:০৫

মেধাস্বত্ব আইন লঙ্ঘনের দায়ে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন জনপ্রিয় সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যরা। তার কয়েকটি নাটকের জনপ্রিয় চারটি চরিত্র অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়েছে। মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগ এনে গ্রামীণফোনের কাছে ৩ কোটি ১৬ লাখ টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে ঐ নোটিশে।

গ্রামীণফোন গত বছরের জুলাই মাসে ‘কেমন আছেন তারা’ শীর্ষক কয়েক পর্বের একটি ধারাবাহিক প্রোমশনাল অনুষ্ঠান প্রচার করে। যা গ্রামীণফোনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয় এবং প্রচারিত হতে থাকে। উক্ত অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের রচিত চারটি জনপ্রিয় চরিত্র বাকের ভাই (কোথাও কেউ নেই), এলাচি বেগম (অয়োময়), সোবহান সাহেব (বহুব্রীহি) এবং তৈয়ব আলী (উড়ে যায় বক পক্ষী)কে ব্যবহার করা হয়। কিন্তু এজন্য গ্রামীণফোনের পক্ষ থেকে হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য বা উত্তরাধিকারীদের কাছ থেকে অনুমতি বা লাইসেন্স নেওয়া হয়নি। উক্ত চারটি চরিত্র ব্যবহার করে তৈরি করা এপিসোডগুলো ৩০ লাখ বারের বেশি ভিউ হয়েছে। প্রচলিত আইনে এই ধরনের ব্যবহারের জন্য বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও গ্রামীণফোন তা মানেনি। যার ফলে মেধাস্বত্ব আইন লঙ্ঘন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।       প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, কন্যা নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ, পুত্র নুহাশ হুমায়ূন এবং ভাই অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের পক্ষে গতকাল মঙ্গলবার ডাকযোগে ও ইমেইলে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল মিসবাহ।

হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেন, হুমায়ূন আহমেদের এসব চরিত্রের অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহার মেধাস্বত্ব অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যা কোনোভাবেই কাম্য নয়। লিগ্যাল নোটিশে গ্রামীণফোনকে উক্ত এপিসোডগুলো তিন দিনের মধ্যে অপসারণপূর্বক আর্থিক ক্ষতিপূরণ ১৫ দিনের মধ্যে হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের দিতে বলা হয়েছে। নইলে আদালতে মামলা করা হবে বলে জানান আইনজীবী হামিদুল মিসবাহ।