দেশে করোনা সংক্রমণ প্রতিদিনই রেকর্ড ভাঙছে। এক দিনের মাথায় পেছনে পড়ে গেল আগের সব রেকর্ড; মহামারির ১৬ মাসে প্রথম বারের মতো এক দিনে ২৫০ ছাড়ানো মৃত্যু দেখতে হলো বাংলাদেশকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৫২ হাজার নমুনা পরীক্ষা করে ১৪ হাজার ৯২৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে ২৫৮ জনের প্রাণ গেছে এ ভাইরাসের কারণে।
আগের দিন সোমবার সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ নতুন রোগী শনাক্তের পাশাপাশি রেকর্ড ২৪৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পর দিন শনাক্ত রোগীর সংখ্যা সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা পৌঁছেছে দুঃখ জাগানো নতুন উচ্চতায়। নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে। আর আক্রান্তদের মধ্যে মোট ১৯ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন আরো ১২ হাজার ৪৩৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। করোনা ভাইরাসের দাপটে মৃত্যুর সংখ্যা গত ২৭ জুন থেকেই ১০০-এর ওপরে থাকছিল প্রতিদিন। ৭ জুলাই তা প্রথম বারের মতো ২০০ ছাড়িয়ে যায়। এবার তা ২৫০ ছাড়াল। ভাইরাসের বিস্তার রোধের কঠোর বিধিনিষেধের মধ্যেই ৬ জুলাই প্রথম বারের মতো দৈনিক শনাক্ত রোগী ১০ হাজার ছাড়ায়। তারপর ২৭ জুলাই রেকর্ড ১৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৬ হাজার ১৮৮ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের ৪১ শতাংশের বেশি। আর এই সময়ে যে ২৫৮ জন মারা গেছেন, তাদের ৮৪ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৬১ জন এবং খুলনা বিভাগে ৫০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ৫২ হাজার ৪৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭৫ লাখ ৫৮ হাজার ৭১১টি নমুনা। নমুনা পরীক্ষার বিবেচনায় দৈনিক শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ, যা আগের দিন ২৯ দশমিক ৮২ ছিল।
