ইউনিয়ন পরিষদের (ইউপি) টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড নিয়ে গেলেই করোনার টিকা নেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিকা আরো বেশি হাতে এলে তখন ওয়ার্ড পর্যায়েও টিকা দেওয়ার ব্যবস্থার বিষয় পরিকল্পনায় রয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ‘কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধিনিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র্যাবসহ প্রশাসনের প্রতিনিধিরা।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকা দেওয়ার বিষয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। সে কারণে ইউনিয়b পর্যায়ে কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইউনিয়নের বাসিন্দারা চাইলে এনআইডি কার্ড নিয়ে সেখানে গিয়ে টিকা নিতে পারবেন।
