বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রে বিএসইসির রোড শো শুরু

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২৩:০৬

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে স্থানীয় সময় সোমবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী রোড শো কর্মসূচি। আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ার বাজারের ব্যাপ্তি ও প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শোর আয়োজন করেছে।

ম্যানহাটনের হোটেল ইন্টারকন্টিনেন্টাল বার্কলের এম্পায়ার বলরুমে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। এদিন ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার : পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, উন্নয়ন আর সমৃদ্ধির পূর্বশর্ত রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশকে এখন আর কেউ হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও এবং দুর্ভিক্ষের দেশ মনে করে না। উন্নয়ন আর সমৃদ্ধির রোল মডেলে পরিণত হয়েছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। উন্নয়ন আর সমৃদ্ধির এই অদম্য গতিকে ত্বরান্বিত করতে দরকার বেশি বিনিয়োগ।

যুক্তরাষ্ট্র সফররত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দেন। 

সালমান এফ রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের বদৌলতে দুর্নীতি অনেকাংশে কমেছে। বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের আমলাদের মধ্যে দুর্নীতির মাত্রা একেবারেই কমে এসেছে। তবে গ্রাউন্ড লেবেলে এখনো ঘুষ-দুর্নীতি রয়ে গেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে এই রোড শোর আয়োজন করা হয়েছে। এ আয়োজনের অন্যতম স্পন্সর ইস্টার্ন ব্যাংক লিমিটেড, নগদ এবং ওয়ালটন।

আজ ২৮ জুলাই দ্বিতীয় রোড শো হবে ওয়াশিংটন ডিসিতে। তৃতীয়টি হবে ৩০ জুলাই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। চতুর্থ রোড শো হবে ২ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে।