আসাম-মিজোরাম সীমান্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে : ভারতের কেন্দ্রীয় সরকার

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০০:৩৯

ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য আসাম-মিজোরামের সীমান্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এনডিটিভির খবরে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আরো সিআরএফ সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল সকালে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, দুইটি রাজ্যের মধ্যে থাকা বনাঞ্চল নিয়েই দীর্ঘ দিন ধরে এই সংঘাত চলে আসছে। গত সোমবার দুই রাজ্যের সীমান্তবর্তী শহর বৈরেংতে মিজোরাম পুলিশের গুলিতে আসামের ছয় পুলিশ সদস্য নিহত হন। এছাড়াও আসামের অন্তত ৬০ জন আহত হন।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তার সরকার সীমানায় শান্তি চায়। তবে তারা এক ইঞ্চি জমিও ছাড়বেন না। গতকাল মঞ্চলবার শিলচর হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে যান হিমন্ত। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, এই সংঘর্ষ দুইটি রাজনৈতিক দলের মধ্যে হয়নি। হয়েছে দুইটি রাজ্যের মধ্যে। আসামে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনো সংঘর্ষ হয়েছে। আমরা শান্তি চাই; কিন্তু এক ইঞ্চি জমিও দেব না।