ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আদিত্য মিশ্রের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে নিজ কার্যালয়ে সাক্ষাত্ করেছেন বাংলাদেশের হাই কমিশনার মোহামদ ইমরান। আলোচনাকালে আদিত্য মিশ্র তার প্রতিষ্ঠানের কার্যক্রম ও বাংলাদেশ স্থল সীমান্তের ভারতীয় অংশে অবস্থিত বন্দর এলাকায় স্থাপিত সমন্বিত চেকপোস্টসমূহের কর্ম পদ্ধতি সম্পর্কে হাই কমিশনারকে অবহিত করেন।
এসব সমন্বিত চেকপোস্ট ইমিগ্রেশন, কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগসমূহ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একই ছাদের নিচে সমন্বিতভাবে কাজ করে থাকেন। এতে যাত্রী চলাচল ও পণ্য পরিবহনের ক্ষেত্রে সুফল পাওয়া যায়। উল্লেখ্য, ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সমন্বয়কারী প্রতিষ্ঠান।
হাইকমিশনার মোহাম্মদ ইমরান সাম্প্রতিক সময়ে সমন্বিত চেকপোস্টগুলো পরিদর্শনে তার অভিজ্ঞতা বিনিময় করে আশা প্রকাশ করেন যে, সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে। তিনি যাত্রীদের যাতায়াত ও পণ্য আমদানি-রপ্তানি সহজতর করার জন্য উভয় দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
