শ্রীপুরে পেট্রোলের আগুনে দ্বগ্ধ যুবকের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০০:৪০

গাজীপুরের শ্রীপুরে দলবল নিয়ে মুদি দোকানে হামলা এবং পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় দ্বগ্ধ আরিফ হোসেন (২৬) মারা গেছেন। গ্যাস সিলিন্ডারের দাম বেশি চাওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মূল্য নির্ধারণ নিয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার রাত সোয়া ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় আরিফ হোসেন মারা যান। দ্বগ্ধ শরীর নিয়ে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন। আরিফের মারা যাওয়ার বিষয়টি তার ভাই সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন।

আরিফ উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামের জজ মিয়ার ছেলে। অপর আহত জজ মিয়া ও তার ছেলে মোফাজ্জল হোসেন, সাখাওয়াত হোসেন এবং সজিব ক্ষত শরীর নিয়ে ব্যথা বয়ে বেড়াচ্ছেন। আহতদের শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল সরকারসহ তিন জনের নামে শ্রীপুর থানায় মামলা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন :তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে মোফাজ্জল সরকার এবং তাইজু সরকারসহ অজ্ঞাত ১০/১২ জন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া মামলার বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে উপজেলার তেলিহাটি মোড়ে ভাই ভাই ট্রেডার্সে গ্যাস সিলিন্ডার কিনতে আসেন স্থানীয় প্রভাবশালী ইউনিয়ন যুবদল সভাপতি তোফাজ্জল সরকার। দাম বেশি চাওয়া হয়েছে এমন অভিযোগে দোকান মালিক মোজাম্মেলের সঙ্গে তোফাজ্জলের বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে খবর পেয়ে তোফাজ্জলের ভাই মোফাজ্জল সরকার ও তাইজু সরকার দলবল নিয়ে এসে দোকানে হামলা করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকান মালিক ও তার তিন ভাই অগ্নিদ্বগ্ধ হয়।