বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০০:৪১

বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন এয়ারলাইনস এবং পর্যটনশিল্প কর্তৃপক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপ থাকলেও তাতে সাড়া দেয়নি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এদিকে দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসির সাবেক প্রধান সতর্ক করেছেন, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রে দিনে আবার ২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। খবর সিএনএনের

ডেলটা ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের সংখ্যা আবার বাড়ছে। যুক্তরাজ্যেও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি সোমবার সাংবাদিকদের বলেন, সামনের সপ্তাহগুলোতে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে পারে। তাই এই মুহূর্তে বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ২০২০ সালের জানুয়ারিতে প্রথম চীনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এরপর সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ করেছেন এমন বিদেশি, শেনঝেন অঞ্চলের ২৬টি দেশ, ইউরোপ এবং আয়ারল্যান্ড, ভারত, ইরান ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। গত সপ্তাহে কানাডা জানিয়েছিল, আগামী ৯ আগস্ট থেকে টিকা নেওয়া মার্কিনিরা কানাডা ভ্রমণ করতে পারবেন। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো সীমান্তে নিষেধাজ্ঞা অন্তত ২১ আগস্ট পর্যন্ত বহাল রাখছে। সেন্টারস ফর ডিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর প্রধান রোচেলে ওয়ালেনেস্কি গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে আক্রান্তের ৮০ ভাগই ডেলটা ধরনের। আগের চেয়ে সংক্রমণের সংখ্যা ৫৩ শতাংশও বেড়েছে বলে তিনি জানান। সিডিসির সাবেক পরিচালক ড. টম ফ্রিডেন জানান, এখনকার চেয়ে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা চার গুণ বাড়তে পারে। দিনে সংক্রমিত মানুষের সংখ্যা হতে পারে ২ লাখের বেশি।