ধামরাইয়ে আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ দাবি

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০০:৪৫

ধামরাইয়ে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে উপজেলার সূত্রাপুর গ্রামের আবুল হোসেনকে ঐ আওয়ামী লীগ নেতার অফিসে ডেকে নিয়ে আটকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ঐ নেতার সহযোগী দুনীগ্রামের আব্দুল আওয়াল। এ সময় ঐ নেতার উপস্থিতিতে ১ লাখ টাকা নগদ ও পরে আরো ৪ লাখ টাকা দেওয়ার শর্তে রফাদফায় আবুল হোসেনকে মুক্তি দেওয়া হয় বলে ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়। শনিবারের এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর একটি ভিডিওসহ সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ভুক্তভোগী আবুল হোসেন এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছেন বলে জানিয়েছেন।

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অভিযুক্ত আব্দুল গণি সুমন বলেন, সত্য-মিথ্যা কিছুই বলব না। আপনার যা ভালো লাগে তাই লেখেন। এটা একটা রাজনৈতিক চক্রান্ত।