খুলনায় তিন হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১০:৪৪

খুলনার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১২জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্তে একজন ও উপসর্গে চারজনসহ পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। তবে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গতকাল মঙ্গলবার খুলনায় ১১ জন ও সোমবার ১৮ জনের মৃত্যু হয়েছিল।

রংপুর বিভাগে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গে চারজন মারা গেছে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন। যারমধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়োলো জোনে ৪৮ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন ও  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর ছোট বয়রা এলাকার এমএ রউফ (৮২), লবণচরার ওয়াজেদনগরের মো. ফারুক হোসেন (৬২) ও রূপসা উপজেলার রহিমনগরের আব্দুল আজিজ (৮০) । বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪০ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় পাঁচজন রোগী ভর্তি হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু 

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডের রবীন্দ্রনাথ দাস (৬৪), টুটপাড়া মহিরবাড়ীর খালপাড়ের তরিকুল ইসলাম (৬৩), দৌলতপুরের মুন্সিপাড়ায় মাহাবুবা আনোয়ারা (৪০) ও নগরীর ধর্মসভা ক্রস রোডের লীনা নাসরিন স্বপ্না (৪২)। বর্তমানে এই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন, তার মধ্যে ১৯ জন পুরুষ ও ২১ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটেও গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এই হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৪ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

উল্লেখ্য, গতকাল সোমবার খুমেক আরটি-পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৮৫জন, বাগেরহাটের ২জন, যশোরের ২জন, পিরোজপুর ও দিনাজপুরে একজনের করোনা শনাক্ত হয়।

ইত্তেফাক/এমআর