ইসরায়েলের হয়ে কাজ করা একটি গুপ্তচর দলের সদস্যদের বিপুল অস্ত্রসহ গ্রেফতার করার কথা জানিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের দাবি, দেশটির নিরাপত্তা বাহিনী ওই গুপ্তচরদের গ্রেফতার করে। তারা লুকিয়ে রাখা বিপুল অস্ত্রশস্ত্রও জব্দ করেছে। এসব অস্ত্র ইরানে পানিসংকট নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিক্ষোভের সময় ব্যবহার করার পরিকল্পনা ছিলো।
সম্প্রতি, নিরাপদ পানির দাবিতে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। চাষাবাদ ও পানের জন্য পানির সরবরাহ বাড়ানোর দাবিতে প্রায় ২ সপ্তাহ ধরে বিক্ষোভ চলে। এ বিক্ষোভ পরে রূপ পায় রাজনৈতিক আন্দোলন হিসেবে। ইরানের অন্যান্য এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এতে হতাহতের ঘটনাও ঘটে।
![]()
এসব সহিংসতায় উস্কানি দিয়ে আসছে ইসরায়েল। দীর্ঘদিন এমন অভিযোগ করে আসছে ইরান।
ইরান জানায়, বিক্ষোভ শান্তিপূর্ণ চলছিল। বিক্ষোভে কে বা কারা গুলি চালিয়েছে। এতে হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে। বিক্ষোভে গুলি চালানোর ঘটনা ও মৃত্যুকে ‘রহস্যজনক’ বলেছে তেহরান।
তবে মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরাই বিক্ষোভে গুলি চালিয়েছেন। তাদের চালানো গুলিতেই হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।
ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শহরে দাঙ্গায় অস্ত্রশস্ত্র ব্যবহার করতে চেয়েছিলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের লোকজন। তারা গুপ্তহত্যা চালাতে চেয়েছিলো।
ওই কর্মকর্তা আরও জানান, জব্দ করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছ পিস্তল, গ্রেনেড, অ্যাসল্ট রাইফেল ও গুলি। পানি নিয়ে বিক্ষোভের সময় এসব অস্ত্রের মধ্যে কিছু ব্যবহার করা হয়েছিল।
ইরান দাবি করলেও এই ঘটনার প্রেক্ষিতে এখনো কোনো মন্তব্য আসেনি ইসরায়েলের পক্ষ থেকে।
ইত্তেফাক/টিআর
