চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, ৩ শতাধিক বাসিন্দা স্থানান্তর 

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৬:৩৫

চট্টগ্রামে গত তিনদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ কারণে জেলা প্রশাসন নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত ৯২টি পরিবারের ৩১২ জন সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরীর খুলশী ও বায়েজিদ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের সরিয়ে নিয়ে ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয়, আল হেরা মাদরাসা, রউফাবাদ রশিদিয়া মাদরাসা ও লালখান বাজার প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এছাড়া ২০টি ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ইত্তেফাককে বলেন, গত তিনদিন ধরে চট্টগ্রামে প্রবল বৃষ্টিপাতের কারণে বাটালি হিল, মতিঝর্ণা, আকবরশাহ হিল-১ ও ২ এবং ভাটিয়ারী-বায়েজিদ লিংক রোড পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষজনকে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে আনয়নের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নেতৃত্বে ৬ জন এসিল্যান্ডসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং অব্যাহত আছে।

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর চকবাজার, কাপাসগোলা, রাহাত্তারপুল, চাদগাঁও, বাকলিয়া, চাক্তাই, বহদ্দারহাট, মুরাদপুর, প্রবর্তক মোড়, আগ্রাবাদের এক্সেস রোড, মা-শিশু ও জেনারেল হাসপাতাল এবং হালিশহরের নিচু এলাকায় রাস্তায় পানি জমে যায়। লকডাউনের কারণে গণপরিবহণ বন্ধ থাকায় বৃষ্টি মাথায় নিয়ে কর্মস্থলে যেতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। 

ইত্তেফাক/এসজেড