বলিউডে অভিষেক প্রণিতা’র

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২০:২৬

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

‘হাঙ্গামা টু’ ছবির মাধ্যমে বলিউডে সম্প্রতি অভিষেক হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা প্রণিতা সুভাষের। প্রেক্ষাগৃহের বড় পর্দার জন্য তৈরি হলেও করোনা মহামারির প্রতিকূল পরিস্থিতিতে বাধ্য হয়ে বিকল্প মাধ্যম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে প্রণিতার প্রথম হিন্দি ছবিটি। বলিউডের ছবিতে অভিয়ের মাধ্যমে ক্যারিয়ারের বিস্তৃতি ঘটানোর স্বপ্ন দেখে দক্ষিণী সিনেমার সব জনপ্রিয় তারকা অভিনেত্রী। ফলে সবসময়ে বলিউডে দক্ষিণী সু্ন্দরী, মেধাবী গ্ল্যামারাস নায়িকাদের আনাগোনা লক্ষ্য করা যায়। প্রণিতা দক্ষিণী সিনেমায় আছেন ২০১০ সাল থেকে। কন্নড় ছবি ‘পোরকি’র মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয়েছিল তার; যার বাবা মা দুজনেই প্রখ্যাত চিকিত্সক। সিনেমায় আসার আগে প্রণিতা মডেল হিসেবে সবার নজর কেড়েছিলেন। প্রথম অভিনীত ছবি ‘পোরকি’তে বাজিমাত করে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসা সফল তামিল, তেলেগু, কন্নড় ছবিতে নায়িকা হয়ে দক্ষিণী চিত্রলোকের একজ শীর্ষ জনপ্রিয় তারকা অভিনেত্রীরূপে প্রতিষ্ঠিত করেছে গত ১০-১১ বছরে। তার অভিনীত দক্ষিণী সাড়া জাগানো ছবিগুলোর মধ্যে কয়েকটি হলো পোরকি, বাবা, উদ্দায়, ভিমা থিরাডাল্লি, সগুর্নি, মিস্টার ৪২০, হুইশাল, আতারেত্নিকি দারেদি, ব্রম্মা, মাসস, ডায়ামাইট, মাস লিডার প্রভৃতি। বলিউডে ‘হাঙ্গামা টু’ ছবিতে কাজ করার সময় অনেকটাই উচ্ছ্বসিত ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। একজন বিখ্যাত চিত্রনির্মাতার ছবিতে শিল্পা শেঠি, পরেশ রাওয়ালদের পাশে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে রোমান্টিক নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন প্রণিতা। প্রথম অভিনীত বলিউডি ছবিটি প্রেক্ষাগৃহের বড় পর্দায় মুক্তি পাবে। প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক ছবিটি উপভোগ করবে। তেমন স্বপ্ন ছিল তার। কিন্তু করোনা মহামারির কারণে সব স্বপ্ন ভেঙে দিয়েছে। বড় পর্দার বদলে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে ‘হাঙ্গামা টু’। যা এ ছবির প্রধান তারকা প্রণিতা সুভাষকে অনেকটাই হতাশ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দক্ষিণী চিত্রলোকের বাসিন্দা হিসেবে আমরা সব সময় অভিনীত ছবি মুক্তির ব্যাপারটাকে বিশেষ একটি উত্সবের মতো মনে করি। প্রেক্ষাগৃহের বাইরে অন্য কোথাও নতুন সিনেমা মুক্তির কথা আমরা ভাবতে পারি না কোনোভাবেই। অথচ আমার অভিনীত ‘হাঙ্গামা টু’ পরিস্থিতির কারণে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল। আগামি কয়েক সপ্তাহের মধ্যে আমার আরেকটি নতুন হিন্দি ছবি ‘ভূত : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ও ওটিটিতে মুক্তি পাবে। পরিবেশ পরিস্থিতির কারণে বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সব সময় এমন অবস্থা থাকবে না। নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি ঘটবে। আমরা আবার সুন্দর সময়ে ফিরে যাব। তার জন্য অপেক্ষা করছি।’ দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডে নিজেকে সমানভাবে ব্যস্ত রাখতে চান প্রণিতা। দু’জায়গাতে কাজের পরিবেশ প্রায় সমান বলেই মনে হয় তার। হিন্দি উচ্চারণে শুরুতে কিছুটা সমস্যা থাকলেও এখন আর তা নেই। বলিউডে পা রাখার পর সঞ্জয় দত্ত, অজয় দেবগন, পরেশ রাওয়াল, শিল্পা শেঠি, সোনাক্ষি সিনহা, নোরা ফতেহির মতো নামি দামি বিখ্যাত তারকাদের সঙ্গে কাজ করতে পেরে তিনি বেশ আনন্দিত। ২৮ বছর বয়সী প্রণিতা কয়েক মাস আগে বিয়ের পিঁড়িতে বসেছেন।