রফিকুল ইসলাম
তথ্যপ্রযুক্তি ও আইটি সেবা খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা জোরদার করার লক্ষ্যে গত ২৭ জুলাই বাংলাদেশ ও ভারতের আইটি ব্যবসায়ীদের একটি অনলাইন বিটুবি সভা অনুষ্ঠিত হয়। ভারতের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (ইএসসি) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ) এর যৌথ উদ্যোগে এই সভাটির আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ৩৭টি সদস্য প্রতিষ্ঠান ও ভারতের আইটি খাতের প্রায় ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বাংলাদেশি ও ভারতীয় আইসিটি খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও ব্যবসা সমপ্রসারণের উপায় অন্বেষণের লক্ষ্যে এই বিটুবি সভার আয়োজন করা হয়।
এ বিষয়ে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আইসিটি খাতের বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আগের যেকোন সময়ের চেয়ে এখন অনেক উন্নত। আইসিটি খাতে ভারতীয় কোম্পানি বিশ্ব বাজারে জায়গা করে নিলেও বাংলাদেশ থেকে আইটি খাতের দশ লাখের বেশি দক্ষ জনবল নিয়ে বিশ্ব বাজারে বাংলাদেশের নিজস্ব অবস্থান তৈরি করতে বেসিস নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
২০২৫ সালের মধ্যে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলারের উপর রপ্তানি আয় করার আশা ব্যক্ত করে তিনি বলেন, এই খাতে বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পেলে তা উভয় দেশের সার্বিক অর্থনৈতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইসিটি খাতে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সমপ্রাসারণে বেসিস নিরলসভাবে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ সরকার এবং ভারতীয় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায় সংগঠনের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
সম্মেলনে ই-কমার্স, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আইটির ব্যবহার, সাইবার নিরাপত্তা, রোবটিক অটোমেশন প্রক্রিয়া, পর্যটন খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমাত্রা ও ব্লকচেইনের ব্যবহার, বড় তথ্য বিশ্লেষণ, সংযুক্ত ও ভার্চুয়াল বাস্তবতা, অ্যানিমেটেড ছবি নির্মাণ, সফটওয়্যার উন্নয়ন, ওয়েব ও মোবাইল অ্যাপ নির্মাণসহ প্রযুক্তি খাতের অন্যান্য ক্ষেত্রে উভয় দেশের ব্যবসায়ীরা কিভাবে পারস্পরিক ব্যাবসা বৃদ্ধি করে পরস্পর লাভবান হতে পারেন সে বিষয়ে আলোচনা করেন উভয় দেশের আইসিটি খাতের ব্যবসায়ীরা।
সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাস্বামী, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সভাপতি ওয়াহিদ শরীফ, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশের যুগ্ম-সচিব নাসিমা আক্তার নিশা, ভারতের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (ইএসসি) এর চেয়ারম্যান সন্দ্বীপ নারুলা, ইএসসি’র নির্বাহী পরিচালক জনাব গুরমিত সিং সহ অন্যরা বক্তব্য রাখেন।
