সৌদির কোভিড ভ্রমণ আইন ভঙ্গে তিন বছরের নিষেধাজ্ঞা

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২০:৪৭

এএফপি

সৌদি আবর মঙ্গলবার সতর্ক করে  বলেছে, কোভিড-১৯ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে তাদের করা কালো তালিকাভুক্ত দেশগুলোতে নাগরিকরা বেড়াতে গেলে তারা দেশে ফেরার পর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বে। টুইটার বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো ভ্রমণ করা ব্যক্তিদের ‘বড় ধরনের জরিমানা করা’ এবং তিন বছর বিদেশ সফর নিষিদ্ধ করা হবে। চলমান করোনা ভাইরাস মহামারি এবং এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কালোতালিকাভুক্ত দেশগুলো সফর করা থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছে। আর সেটা সরাসরি হোক বা অন্য কোনো দেশ হয়ে হোক।’ সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন সৌদিয়ার দেওয়া তথ্য মতে, নাগরিকদের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতসহ ১৬টি দেশ ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ক্রমবর্ধমানভাবে ছড়িয়ে পড়া ডেলটা ভ্যারিয়েন্টের কথা স্পষ্টভাবে উল্লেখ না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘করোনা ভাইরাসের নতুন রূপান্তরিত ধরন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৮ হাজার ১৮৯ জন প্রাণ হারিয়েছে।