চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিলে দশঘরিয়া-শাহাপুর সড়কের রামদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থিত রামদেবপুর ব্রিজটির প্রায় মাঝামাঝি অংশে ফাটল ধরে একাংশ ভেঙে গেছে। এতে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছে। পরকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার আলম মুন্সি বলেন, তিন/চার মাস আগে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানাই। তখন তিনি জানান দ্রুত ব্রিজটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা প্রকৌশলী আবদুর রহিম ব্রিজটির দুরবস্থার কথা অবগত আছেন জানিয়ে বলেন, দ্রুত ব্রিজটি সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
