বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:১০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় মঙ্গলবার রাতে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মমিনুল ইসলাম রকি (৩৩)। সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের হাটখোলা বাজারে এ ঘটনা ঘটে। মমিনুল হক রকি ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফাঁপোড়ের মন্ডলপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতের খালাতো ভাই শাহাদত হোসেন সনি জানান, আমার ভাই এলাকার মাদকাসক্ত ও বখাটে ছেলেদের খারাপ কাজে বাধা দিত। এর জের ধরে তারা ভাইকে খুন করেছে। সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক বলেন, রকি ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে উদ্যোগ নিচ্ছিলেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, রকি হত্যার বিষয়ে তাত্ক্ষণিক সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। হত্যার পরপরই ঐ এলাকায় অভিযান শুরু হয়েছে। পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে।