ভ্যানচালকের এক মাসের বিদ্যুত্ বিল ৮১ হাজার ৯৮১ টাকা!

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:১০

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জের পশ্চিমপাড়া গ্রামের পল্লী বিদ্যুত্ গ্রাহক ভ্যানচালক মোজাম্মেল মিয়ার এক মাসের বিদ্যুত্ বিল এসেছে ৮১ হাজার ৯৮১ টাকা। তিনি  তার ভাঙা টিনের ঘরে একটি ফ্যান, একটি লাইট ও একটি ভ্যানগাড়ি চার্জ করার জন্য বিদ্যুত্ ব্যবহার করেন। এতে প্রতি মাসে তার বিদ্যুত্ বিল আসে ৮০০/৯০০ টাকা। কিন্তু চলতি বছরের জুলাই মাসে এক মাসের বিদ্যুত্ বিল আসে ৮১ হাজার ৯৮১ টাকা। হঠাত্ মোটা অংকের বিদ্যুত্ বিল নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি। মোজাম্মেল মিয়া জানান, এক মাসে যে বিল এসেছে তা সংশোধন না করা হলে বাড়িঘর বিক্রি করেও পরিশোধ করা সম্ভব হবে না। বকশীগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম জয় প্রকাশ জানান, বিলটি ভুল হয়েছে। সংশোধন প্রক্রিয়া চলমান রয়েছে।