কমরেড মণি সিংহের জন্মজয়ন্তী
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে বুধবার ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ১২০তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। মেলা উদ্যাপন কমিটির আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে এ জন্মজয়ন্তী পালিত হয়। এ উপলক্ষ্যে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সিপিবি কেন্দ্রীয় নেতা আসলাম খানের সঞ্চালনায় অনলাইন আলোচনাসভার আয়োজন করা হয়।
বিধিনিষেধ না মানায় সাত দোকানিকে জরিমানা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা কোভিড-১৯ সংক্রমণ রোধে দেশ জুড়ে ১৪ দিনের শুরু হওয়া লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় মহেশপুরে ভ্রাম্যমাণ আদালত সাত দোকানিকে জরিমানা করেছে। বুধবার সকালে উপজেলার বামনগাছা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম বলেন, সরকারি আদেশ না মেনে দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় সাত দোকানিকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা বাগাতিপাড়ায় বুধবার সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুরে বুধবার করোনা ভাইরাস মোকাবিলায় মোটর শ্রমিক ও কুলি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বিরামপুর উপজেলার কর্মহীন মোটর শ্রমিক ও কুলি পরিবারের মধ্যে এ ত্রাণ সামাগ্রী বিতরণ করা হয়।
সদর হাসপাতালে সুরক্ষাসামগ্রী প্রদান
নড়াইল প্রতিনিধি নড়াইল সদর হাসপাতালে বুধবার দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, দুটি অক্সিজেন কনসেনট্রেটর ও ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এসব দেওয়া হয়। এফবিসিসিআই এর সহযোগিতায় নড়াইল সদর হাসপাতালের সভা কক্ষে করোনা চিকিত্সায় এ সব মালামাল হস্তান্তর করেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. হাসানুজ্জামান।
ছয় টিকা রেজিস্ট্রেশন বুথ স্থাপন
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে বুধবার করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য ছয়টি বিনা মূল্যে রজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে। পৌরসভার সর্বস্তরের মানুষের কোভিড-১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মেয়র গোলাম হাসনাইন রাসেল ফ্রি এ রেজিস্ট্রেশন সেবা চালু করেন।
স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বৈঠক
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা বোদায় বুধবার করোনা প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থার উদ্যোগে এবং গণস্বাক্ষরতা অভিযান ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বঞ্চিতজনের অধিকার প্রকল্পের আওতায় উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ হলরুমে এর আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
০
