ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে বিনিয়োগের জন্য ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি ওআইসির সদস্য দেশগুলোকে বাংলাদেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, বহুমুখী পাটজাত পণ্য উত্পাদন, রেশম ও হিমায়িত খাদ্য উত্পাদন ইত্যাদি খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ইসলামিক ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশন (আইএফপিএ) আয়োজিত ‘ইন্ট্রা-ওআইসি-অ্যাগ্রি-ফুড অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশের পক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।
এ সময় তিনি উল্লেখ করেন, ওআইসির সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ মুসলিম বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে ওআইসির কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। তিনি খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ সরকারের উন্নয়ন কৌশল এবং নীতি সহায়তা তুলে ধরে বলেন, বর্তমান মহামারি পরিস্থিতিতে খাদ্যনিরাপত্তা, সাপ্লাই চেইন ও কৃষিপণ্যে মূল্যবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ওআইসির রাষ্ট্রগুলোর মধ্যে সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা প্রয়োজন। ফার্ম মেকানাইজেশন, কৃষি উত্পাদন চক্র, খাদ্য ও খাদ্যজাতপণ্যের মান উন্নয়ন, যেমন—মাছ, পশুপালন, দুগ্ধজাত পণ্য এবং কৃষকের দক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে ওআইসির সদস্য দেশগুলোর বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি হালাল স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে হালাল ইকোসিস্টেমের বিকাশ, হালাল খাদ্য প্রক্রিয়াকরণে সহযোগিতা, হালাল পরীক্ষা ল্যাব ও হালাল সার্টিফিকেশনে জন্য বাংলাদেশকে সহযোগিতার জন্য ওআইসি দেশগুলোর প্রতি আহ্বান জানান।
