ঠাকুরগাঁওয়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে তুলবে বিসিক

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে ৫০ একর জায়গায় ৯৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হবে ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী’। গতকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এই শিল্পনগরী গতে তুলবে। এ বিষয়ে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি বলেন, এর মাধ্যমে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যোক্তাদের জন্য পরিবেশবান্ধব শিল্প কমপ্ল্যায়ান্স সমৃদ্ধ আধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করা হবে। এর মাধ্যমে ২৪৯টি শিল্প প্লট তৈরি করে প্রায় ২৩০টি শিল্প ইউনিট স্থাপন সম্ভব হবে। সেই সঙ্গে ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০ শতাংশ হিসেবে ২৫টি শিল্প প্লট সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও জেলা সফরকালে এ জেলায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।