বেনাপোলে কোটি টাকার রাজস্ব ফাঁকি এজেন্টের লাইসেন্স বাতিল

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা চালান নিয়ে যাওয়ার ঘটনায় রয়েল এন্টারপ্রাইজ নামে এক সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঐ এজেন্ট ৩৯ ট্রাক আঙুর, টম্যাটো ও আনারের চালান বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গত মঙ্গলবার লাইসেন্সটি বাতিল ঘোষণা করা হয়। কাস্টমস সূত্রে জানা গেছে, ২৪ জুলাই ছুটির দিনে ভারত থেকে ৩৯ ট্রাক আঙুর, টম্যাটো ও আনারের চালানে মিথ্যা ঘোষণা দিয়ে প্রায় ১ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। পণ্যগুলো খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল এন্টারপ্রাইজ। কাস্টমস কর্মকর্তাদের না জানিয়ে তারা বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে পণ্যের চালান বের করে নিয়ে যায়। বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. ড. আজিজুর রহমানের নির্দেশে ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ের জন্য চাপ দেওয়া হয়। পরে গত সোমবার সকালে ফাঁকি দেওয়া রাজস্ব সরকারি কোষাগারে জমা দিতে বাধ্য হয় সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল এন্টারপ্রাইজ। অভিযোগ রয়েছে, তারা প্রতি শনিবার ছুটির দিন মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য খালাস করে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে কাস্টম হাউজে। এ বিষয়ে রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, ‘আমার রয়েল এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল করেছে কাস্টম কর্তৃপক্ষ। তবে ৩৯ ট্রাকের রাজস্ব পরের দিন পরিশোধ করা হয়েছে।’ বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ও লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. নেয়ামুল ইসলাম বলেন, ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।